ধাবমান
দূরের পাহাড়ের মতো আছো ধূসর
নামহীন শূন্যতার ভেতর
রাতের তারাআলো যেটুকু উষ্ণতা দেয়
মনে রাখার জন্যে সেটুকুই যথেষ্ঠ
গোপন বাগান থেকে ফুল ও পুষ্প দিয়েছি ছুঁড়ে
তোমার বুক ছুঁয়ে গেছে ---
ধাবমান কাল মোবাইল শট রেখেছে ধরে
বন্ধনহীন গ্রন্থি থেকে কেবলি পরাগরেণু
রানিমৌমাছি বাসা বাঁধেনি কোথাও
সন্ন্যাসিনী
ঠোঁটের বাঁদিকে সুদৃশ্য তিল
তবু কোনো পুরুষ বন্ধু নেই
নিরামিষ রান্নাঘর
কারিপাতার বাগানে বসে আছো
নাভিকুণ্ড ও নিকটবর্তী খাদ
আজও বিহারহীন
ও দাগের ওপর চোখ রেখে বলেনি কেউ
---এইসব আমার
সন্তর্পণে নিজেকে ঢাকছো
আহার ফিরিয়ে দিচ্ছো দাতার কাছে
সন্ন্যাসিনী মন আর কতকাল
এ শহরে ঈশ্বর খুঁজে যাবে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন