সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সুমন সাধু

সংসার

কতটা কাটাকুটি আঁকলে নিরাপদে যাওয়া যায়! কতটা কাঁসাই ভরা অভিমান নিয়ে শৈশবে যাওয়া যায়! অথচ এইভাবে স্বভাবে স্বভাবে চিনে নেব একে অপরকে। দুজনে দুপুরবেলায় রোদ্দুর আঁকব আর এক থালায় যাপন করব স্মৃতি-সত্তা-ভবিষ্যৎ। অথচ এইভাবে আমরা পালিয়ে যাব চুপি চুপি। কাশ দেখব, রেলপথ দেখব, ভোর দেখব, অভিনয় করব আর চরিত্র খুঁজব। এক চন্দ্রগ্রহণ পালা শেষ হলে কি গান ধরব "কত জন্মের চেনা"?

২
আমি এভাবেই চেয়ে থাকি তোমার মতো। মফস্বলে সন্ধে নামলে আস্ত একটা শাঁখা-নোয়া-আলতা ভরা সংসার কাঁটাতার ভেদ করে ছুটে আসে। আলো জন্ম দেয়। আমরা লালন করি সেই আলো, পালন করি রেলপথ। ভোর হবে একটু পর। আর এই ভোরে তুমি দেখে নেবে একফালি জানলার শিক ভেদ করে কীভাবে ওপার এসে পড়েছে জলচৌকিতে। একটা ছবি আঁকব। পুরনো জলচৌকির উপর আমরা সবাই গল্প আর কবিতা হয়ে বসে আছি।

৩
অনেকগুলো কথাবার্তা আর একটুকরো উত্তরপাড়া নিয়ে বসে থাকা যাক আজ গোটা রাত্তির। মাঝখানে নদী নিজের নিয়মে বয়ে চলুক না। আমাদের ইচ্ছেগুলো বরং এপার-ওপার জুড়ে প্রতিমা গড়ুক। প্রতিমা গড়া শেষ হলে হাতের উপর হাত রেখে মাস্তুল ছোটাই। ছুটতে ছুটতে...এক আকাশ কালো দিঘি আর কচুরিপানা... ছুটতে ছুটতে... কত কত লেখা, কত কত না লেখা আর 'কিচ্ছু হচ্ছে না' নিয়ে ভেবে যাচ্ছি। এখন বিশ্রাম নেওয়ার পালা..এক এক করে। এক এক করে একটু পর একফালি উত্তরপাড়া ঘেঁষে লেখা হয়ে কাটিয়ে দেব। সন্ধে হয়ে এল...

৪
পাড়ায় পাড়ায় চরিত্র ভিড় করে দাঁড়িয়ে আছে। আমরা চরিত্রের মধ্যে দিয়ে হেঁটে যাই। তুলে আনি রং, আলো। সেই রং গায়ে মেখে আলো হয়ে সিঁড়ি পেরোয়। সিগারেট ধরাই আর হেঁটে যাই। আলো ক্রমশ বাড়ছে। জানিনা শেষ কাউন্টারে কতটা সংলাপ ছিল, কতটা নিস্তব্ধতা ছিল; হয়ত আমরা কোন চিত্রনাট্য অথবা সংলাপ ছাড়াই হেঁটে যাচ্ছি। হয়তো আমরাই রং আর আলো হয়ে চরিত্র সেজে ভিড় হয় দাঁড়িয়ে রয়েছি পাড়ায় পাড়ায়।

(উৎসর্গ: সুপ্রিয় মিত্র, তন্ময় ভট্টাচার্য, আকাশ গঙ্গোপাধ্যায়, মৌলিকা সাজোয়াল)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা বিষয়ক গদ্য : অনিন্দ্য রায়

ন্যূনতম কবিতা lighght শুধুমাত্র এই সাতটি অক্ষর লেখার জন্য কবিকে দেওয়া হল ৭৫০ ডলার। আজ নয়, গত শতকের ষাটের দশকের মাঝামাঝি। পৃথিবীর সব চে দামী শব্দ। আর বিতর্ক এখানেই। শব্দ? কী অর্থ এর? আবার যিনি লিখেলেন তিনি তো একেই বলছেন কবিতা, এই কটি অক্ষরসমষ্টিকে। তা প্রকাশিতও হচ্ছে, সংকলনে নির্বাচিত হচ্ছে। একটা সাদাপৃষ্ঠার মাঝখানে lighght এইটুকু ছাপা, এইটুকুই, একে বলে কবিতা ? ম্যানহাটন শহরে তখন শরৎকাল।  সালটা ১৯৬৫। সে এক সন্ধ্যা। বছর  বাইশের এক যুবক নিজের টাইপ রাইটারে  lighght এইটুকুই টাইপ করেন। কী এটা? বানান ভুল, হ্যাঁ,  light  শব্দটির মাঝে এই দুটি ব্যঞ্জনবর্ণকে ঢুকিয়ে দেওয়া, আর তাতেই নাকি  ব্যঞ্জনা । শিকাগো রিভিউ পত্রিকায় প্রকাশিত হয় কবিতা হিসেবে। এবং তা স্থান পায় The American Literary Anthology-র দ্বিতীয় খণ্ডে, অবশ্যই কবিতা হিসেবে। এই সংকলন সম্পাদনা করেন National Endowment of the Arts(NEA) –এর পক্ষে George Plimpton। NBA-এর সিদ্ধান্ত মতো সংকলনটির প্রত্যেক কবিই পান ৭৫০ ডলার। সেই হিসেবে lighght-এর রচিয়তাও।  শিকাগো রিভিউ নিজে২৫০ ডলার রেখে দেয় আর বকিটা পেলেন কবি। ম...

পাগল পাঠক (কবিতার পাগলামি)

কবিতার তুমুল পাগলামি কাকে বলে সেটা অনেকেই জানেন। তবুও কবিতার সীমাহীন পাগলামির জন্য কবিতার সমস্ত পাগলরা ফেসবুক বা মুখবই এ সার্চ করুন "পাগল পাঠক" পেজটি। এই পেজটি পাগল কবিতা পাঠকের নিজস্ব দুনিয়া। বন্ধুরা যারা পেজটি লাইক করছেন তারা নিজের প্রিয় কবিদের কবিতা পোস্ট করুন। অনুরোধ নিজের কবিতা পোস্ট করবেন না। বিস্তারিত জানতে ফেসবুকে পেজে আমাদের পেজে যান।

গদ্য কবিতা : সুকান্ত দে

ডাব তুই হয়তো বাসের জন্য দাঁড়িয়ে আছিস। চুপিচুপি একটু গা ঘেষে দাঁড়াই। যাতে তুই একটু ঠেস দিতে পারিস। তোর ফাইল ব্যাগ একটু ধরি। তুই বলবি -- আ : হাত দুটো একটু ছড়াই, বলে সত্যিই ছড়িয়ে ...