দেহত্যাগ
একটা শীতজ্বর থেকে জেগে উঠে এগিয়ে যাচ্ছি শহরের দিকে
শহরের মাঝখানে জ্বলছে জামরঙের অগ্নিকুন্ড।
সেখানে ঝাঁপ দিতে হবে আমাকে
আগুনের চারপাশে ঘিরে বসে আছে গণতন্ত্রিক হৃদরোগীরা।
আমার পোড়া শরীরের ওম নেওয়ার জন্য হাঁ করে তাকিয়ে আছে বুভুক্ষু শেয়ালের দল।
আমি ঝাঁপ দিলাম
এবার খুলি ফটানো হবে আমার।
বেরিয়ে আসবে লক্ষ লক্ষ পুতুল খেলা বিকেল
আর শব্দ বাক্য অনুচ্ছেদের পরম্পরা।
'' এবার শীতে আমাকে একটা লাল সোয়েটার বুনে দেবে সীতা ''
মাইরি বলছি সেদিন আমি একবারও বেঁচে যেতে চাইনি
শুধু চেয়েছিলাম পৃথিবীতে শীতকালটা যেন দীর্ঘস্থায়ী হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন