ছবি
ক্যানভাসে রঙ ঢেলে দিয়ে তৈরি কর চিত্রভাষা
মানুষের পরিবর্তে বেছে নাও শূন্যতা
মুহূর্তে তুলিরা স্বাধীন , তুমি ভেবেছিলে
ইচ্ছেমত ঘোরাবে ওদের
ভেবেছো সমস্তটাই রঙিন
সমস্ত বলতে যা বোঝায় সব
দারিদ্রতা থেকে তুষ ঝেড়ে রাখা গ্রাম
শহরের চুরি যাওয়া কুয়াশা-আলো
ইদানিং রেললাইনও চেয়েছে তার
হারিয়ে যাওয়া দিগন্তরঙ
কে কোনপথে জন্মালো
খানিক বাদেই দেখবে এর রঙ
ঢুকে পড়ছে ওর রঙের ভিতর
সীমানা ছিলনা ওদের কোনোদিনও
দুটি ভিন্ন রঙের রতি , পৃথকতার মধ্যে
খুঁজে ফেরে জীবনের ক্ষয়ক্ষতি
মিলেমিশে পাল্টে ফেলেছে স্বপ্ন
ওদের কারোর গতি ক্ষিপ্র , কেউবা বাদামী
বলতে চেয়ে তাকিয়ে থাকে এ ওর দিকে
ছবিটা দিকভ্রান্ত হয়নি এখনও
যে যার মতন খুঁজেছি রাস্তা , হয়েছি ছিন্ন
পৌঁছে দেখেছি ছবির ভাষা এক ও অভিন্ন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন