প্রতিফলন
এত সব কিছুই দেখি আয়নাতে
সংযত রূদালি থেকে মনবিকলনের দিকে
পর্বমোচনের আনকথাগুলি
গঙ্গাফড়িঙের লাফ থেকে বেড়ালের উল্লম্ফন শেষে
জপমালায় পূর্ণব্রহ্ম —হরি হে মাধব
আয়ুর্বেদিক চিকিৎসার দাম্পত্য
পাড় ভাঙ্গার শব্দ শুনতে শুনতে রেকলেশ
সঙ্গমের জনি ওয়াকার মেঝেই ব্যর্থ গড়াগড়ি
মানুষের যেমন আছে ফসলের ক্ষেত তেমনই
কল্পনার মেনিফেস্টো পয়ঃপ্রণালিতে গিয়ে আটকে যাওয়া
পেরোস্ত্রোইকার টালমাটাল প্রদক্ষিণ
পরিযায়ী পাখি বলো সবাই কি একলব্য হয়
না হয় সেক্সোফোনে কিছুটা আবহ হল চাঁদের গ্রহনে
কিছুটা সান্তনা এলো ন্যাচারাল ফিনোমনন বলে
কাজুবাদামের মোহ তবু ধরে রাখে যতটা প্রতিফলন
স্নানদৃশ্যগুলি আর কখন ধরে রাখবে ততটা বৈখরি
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন