বৈধ প্রেম
লোলুপ চোখ যখন তোমার অঙ্গ পোড়ায়
ইন্দ্রিয়ের বাঁধন ছোটে বেনিয়মে
বট-অশথের নামাল নামে মনটা জুড়ে
শালীনতার শব্দ ভাঙে হিসেব মেনে
ভাঙা জোড়ার নেশার তুমুল আকর্ষণে
চুম্বনের নির্যাস মোছে রুমাল কোণায়
উপত্যকায় গড়ার নেশায় কেঁচোর বাড়ি
খুঁড়তে থাকে নাভির নীচে উনুনখানা।
'ক্ষমতার আর এক নাম'
ধর্ষ সুখের মোহে নারীকে সাজাও
মোহময়ী। প্রতি রাতে
একটা একটা পাপড়ি হিঁচড়ে-
ছিঁড়ে ফেল সাজ,
গর্ভাশয় মুক্ত করে জলন্ত অঙ্গারে
আঁকো বর্বর লোভ - মিথ্যা দম্ভ।
নির্লজ্জ চর্ম সুখের অক্ষম অন্তে
বক্ষবন্ধনীতে বাঁধো বোবা আর্তনাদ।
উরুসন্ধি উপচে আসা রক্তে ঢালো মদ।
অশ্রুসিক্ত স্বেদবিন্দু লেহনে
তন্দ্রালু নেশায় বুঁদ হতে হতে
উদাসীন চোখে আঁকো মুক্তির বিষাদ।
উপহাসের নগ্ন হাস্য ক্যালেন্ডার
ঝুলিয়ে দাও চিবুকে- ঠোঁটে
তারপর অশ্লীল চাঁদ ডুবে গেলে
অট্টহাস্যে ছোটাও চাবুক
দলিত পাঁজরের অন্তঃকোণ থেকে
টেনে আন বাধ্য রমনী
স্বেচ্ছাচারী কাপুরুষ রাজা
সুসজ্জিত মোড়কে- প্রেমিক পুরুষ।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন