বাড়ি খোঁজা
বাড়ি খুঁজছ সেই সকাল থেকে;
জুতোর শুকতলা পাল্টাতে হল দু-বার।
বাড়ি খুঁজছ, বাড়ি খুঁজছ কবিতার নামে...
পুবের জানলা দিয়ে ঘরে এসে
সারাদিন খেলা করবে অক্ষরবৃত্তেরা...
বারান্দায় কয়েকটি টব,
ফুটে থাকবেন জীবনানন্দ, শক্তি ও জয়।
আরামকেদারা থাকবে একটা, শঙ্খ নাম তার।
সামনে ছোট্ট একটা লন, দু-একটা সুখের পায়রা
দানা খুঁটে খাবে, ভাস্কর, মণীন্দ্র নাম লেখা...
হয়ে বাড়ি খুঁজছ গোটা একটা জীবনের দামে,
আসলে জানো না তুমি
জীবনেও বাড়ি খুঁজে পায় না কোনো কবি
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন