নর্ম সহচর
ভেঙ্গে পড়া খিলান চুন সুরকী ঝরাতে ঝরাতে
কখন যেন আমি বেআব্রু হয়ে পড়েছি
কথা দিতে গিয়ে দেখলাম আর তেমন
ইঁটের বাঁধুনি নেই।
সরে আসতে গিয়েও বুকের পাঁজরে হাত দিয়ে দেখলাম
বিম গুলো কেমন যেন ঝুরো- চূর্ণ বিচূর্ণ।
ভিত পর্যন্ত অসাড় একপাও এগোতে পারছিনা।
শুধু প্রসস্ত ভাঙ্গা খিলান নিয়ে দাড়িয়ে দেখতে হচ্ছে
তুমি আমার ধ্বংসস্তূপের মধ্যে কি যেন
খুঁজে চলেছো অনিবার্য ভাবে।
পটপরিবর্তন
আরএকবার যদি পা ধুঁয়ে যেতে এই ঘাসবনে
তবে আমি তোমাকে ঠিকানা দিতাম-
টালত ঘর মোর—
তুমি এলে কক্ষনো বলতাম না আমার হাড়িতে ভাত নেই আর--
আমি নিজে টগবগ করে ফুটতে ফুটতে
ভাত হয়ে শুয়ে পড়তুম তোমার থালায়।
আর একবার যদি আস এই ঘাসবনে
সত্যি বলছি বৃক্ষ হবোনা
তৃণাদপি সুনিচেন হয়ে মসলিনের মত মিশে থাকবো
শিশিরাঙ্গের গায়ে।
তোমাকে মাড়িয়ে মাড়িয়ে অনুভব করতে হবে
বৃক্ষেরা কখন যেন সব ঘাস হয়ে গেছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন