জিনতথ্য
আচ্ছা, যে তোমাকে শুয়োরের বাচ্চা বলে-
খিস্তি দিয়েছিল, সে এখন কেমন আছে ?
তার ভালো থাকাটা কিন্তু ভীষণই জরুরী।
ডালপালা ছড়ানো রুটির ভেতরে - কপালে
ধুলোবালির কোপ আর প্রাচীন লালার গন্ধ নিয়ে-
তোমার মা বসে। লোকটিকেও পাশে এনে বসাও।
সে, তোমার মায়ের শ্যাওলা বুকে কান পাতলে -
আল্লাহ ও দেবতাদের পা-দোলানির ফাঁকে
হাজারও সেনা জাওয়ান স্যলুট স্যলুট শব্দে,
যে জন্তুটাকে জাগাচ্ছে - তুমি তার মেয়ে।
মানুষটা দেশদ্রোহী হতে হতে ঘরের দিক ফিরলে,
ধিক্কারগুলো কাটিয়ে তার মাথায় একটু ফুঁ দিও আজ।
হেরে যাওয়া প্রার্থী
অন্তিম ডাইনোসরের আদলে ছোট হতে হতে
অবিকল লজ্জার মতো কুকড়ে যাচ্ছে উচ্চারণ
স্লেটে হাত ঘষে; গোলাভর্তি উকুন-সংকেত-লোভ
মুছতে মুছতে, ম্যানহলে সেরে ফেলেছেন স্নান
সমস্ত অধ্যায়ের শেষে -
ভোটে হেরে যাওয়া মানুষটা, বাইরে থেকে
জেলের পাঁচিলের উচ্চতাটা মেপে ন্যান
মই বানানোর অর্ডার আসবে মিস্তিরিদের হাতে
মাঝেসাঝে বাচ্চাটার পাশেও তো শুতে ইচ্ছা হবে...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন