সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

গুচ্ছ কবিতা : অভিজিৎ রায়

১
বাড়ির আদল

বাড়ির আদল বদলে গেল গলির ছায়াতে
ঘরের ছবি মুখ লুকালো বিষন্ন বেডরুমে
স্টাডির গল্প উঠল জমে পরকীয়াতে,
বাড়ির দেয়াল রঙিন হল গলির মায়াতে।
রঙিন ড্রয়িং গা এলিয়ে খোলা জামাতে
দেখছে ছবি ছায়ার মতো অবসাদের ঘুমে
বাড়ির আদল বদলে গেল ঘরের মায়াতে
কেঁদে কেটে যাচ্ছে ফিরে নি:স্ব বেডরুমে।

২
ভ্যালেন্টাইনের কবিতা

আমার যাওয়া আর আমার ফিরে আসার মধ্যে
কেবলই জিজ্ঞাসাচিহ্ন।
তোমার যাওয়া আর তোমার ফিরে আসার মধ্যে শুধুই পূর্ণচ্ছেদ।
কমা, সেমিকোলন আর উদ্ধৃতি চিহ্নেরা
কেবলই নিজেদের জায়গা খুঁজছে।

আমি একটু ফাঁক চাইছি।  তোমার যাওয়া আর
তোমার ফিরে আসার ভিতর
থাকতে চেয়ে আমি একটু স্পেস চাইছি।

একটু স্পেস।  যার পর
একটি সফল প্রেমের কবিতার শেষ লাইন
লিখে ফেলবে তুমি।

৩
যেভাবে সেভাবে

যেভাবে বিষাদ মেশে ঘামে,
যেভাবে রক্তে মেশে ধুলো,
সেভাবে আমায় ভালোবেসো
সেভাবে আমায় তুমি ভুলো।
যেভাবে থমকে থাকে পথ,
সেভাবে মুখর স্তব্ধতাও
সেভাবে স্মৃতিরা থেমে থাক,
সেভাবে স্মৃতির যন্ত্রণাও।
যেভাবে লুকিয়ে থাকে ক্রোধ,
যেভাবে গোপনে জাগে কাম
সেভাবে প্রেমের অবরোধ
নিজেকে প্রেমিক মানতাম।
যেভাবে কথার আড়ালেতে
যেভাবে ব্যথার অন্তরাল
সেভাবে আমার কবিতারা
মুছেছে প্রেমের মোহজাল।

যেভাবে আমায় বোঝ তুমি
যেভাবে প্রশ্রয় দিয়ে যাও
সেভাবে বুঝতে চেয়ে গেছি
সেভাবে নিজের যোগ্যতাও।

৪
খোঁজ

মরশুমি ফুলের বারামাস্যায় লুকিয়ে ছিলে তুমি। আমি তোমাকে খুঁজছিলাম।  খুঁজতে খুঁজতে সূর্য ডুবে গেল।  খুঁজতে খুঁজতে চাঁদ ডুবে গেল। এভাবেই সূর্য,  এভাবেই চাঁদ দেখেছিলাম। তারপর দেখেছিলাম ডুব যাওয়া চাঁদের না ফিরে আসা। আসতে আসতে ছোটো থেকে বড় হওয়া জ্যোৎস্না।  অথচ তোমাকে দেখিনি আমি। একসময় মরশুমি ফুলের শুকিয়ে যাওয়া দেখতে দেখতে ভুলেই গিয়েছিলাম তোমার কথা। তোমার লুকানোর কথা, আমার খোঁজেরও।  শুধু মনে আছে সব ফুলের শুকিয়ে যাওয়ার আলো।
ছায়া নিয়ে আর ভাবি না। আলো থাকলেই ছায়া থাকবে। তুমি লুকালেও আমার ছায়া দেখবে। আমি তোমাকে খুঁজলে তুমি নিশ্চয় একদিন আমার ছায়া খুঁজবে?

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা বিষয়ক গদ্য : অনিন্দ্য রায়

ন্যূনতম কবিতা lighght শুধুমাত্র এই সাতটি অক্ষর লেখার জন্য কবিকে দেওয়া হল ৭৫০ ডলার। আজ নয়, গত শতকের ষাটের দশকের মাঝামাঝি। পৃথিবীর সব চে দামী শব্দ। আর বিতর্ক এখানেই। শব্দ? কী অর্থ এর? আবার যিনি লিখেলেন তিনি তো একেই বলছেন কবিতা, এই কটি অক্ষরসমষ্টিকে। তা প্রকাশিতও হচ্ছে, সংকলনে নির্বাচিত হচ্ছে। একটা সাদাপৃষ্ঠার মাঝখানে lighght এইটুকু ছাপা, এইটুকুই, একে বলে কবিতা ? ম্যানহাটন শহরে তখন শরৎকাল।  সালটা ১৯৬৫। সে এক সন্ধ্যা। বছর  বাইশের এক যুবক নিজের টাইপ রাইটারে  lighght এইটুকুই টাইপ করেন। কী এটা? বানান ভুল, হ্যাঁ,  light  শব্দটির মাঝে এই দুটি ব্যঞ্জনবর্ণকে ঢুকিয়ে দেওয়া, আর তাতেই নাকি  ব্যঞ্জনা । শিকাগো রিভিউ পত্রিকায় প্রকাশিত হয় কবিতা হিসেবে। এবং তা স্থান পায় The American Literary Anthology-র দ্বিতীয় খণ্ডে, অবশ্যই কবিতা হিসেবে। এই সংকলন সম্পাদনা করেন National Endowment of the Arts(NEA) –এর পক্ষে George Plimpton। NBA-এর সিদ্ধান্ত মতো সংকলনটির প্রত্যেক কবিই পান ৭৫০ ডলার। সেই হিসেবে lighght-এর রচিয়তাও।  শিকাগো রিভিউ নিজে২৫০ ডলার রেখে দেয় আর বকিটা পেলেন কবি। ম...

পাগল পাঠক (কবিতার পাগলামি)

কবিতার তুমুল পাগলামি কাকে বলে সেটা অনেকেই জানেন। তবুও কবিতার সীমাহীন পাগলামির জন্য কবিতার সমস্ত পাগলরা ফেসবুক বা মুখবই এ সার্চ করুন "পাগল পাঠক" পেজটি। এই পেজটি পাগল কবিতা পাঠকের নিজস্ব দুনিয়া। বন্ধুরা যারা পেজটি লাইক করছেন তারা নিজের প্রিয় কবিদের কবিতা পোস্ট করুন। অনুরোধ নিজের কবিতা পোস্ট করবেন না। বিস্তারিত জানতে ফেসবুকে পেজে আমাদের পেজে যান।

গদ্য কবিতা : সুকান্ত দে

ডাব তুই হয়তো বাসের জন্য দাঁড়িয়ে আছিস। চুপিচুপি একটু গা ঘেষে দাঁড়াই। যাতে তুই একটু ঠেস দিতে পারিস। তোর ফাইল ব্যাগ একটু ধরি। তুই বলবি -- আ : হাত দুটো একটু ছড়াই, বলে সত্যিই ছড়িয়ে ...