ভুলতে পারিনি
১
তোমাকে আজও ভুলতে পারিনি
প্রথম দিনের বসন্তে পুকুরধারে
দাঁড়িয়ে তোমার সঙ্গে কথা বলতাম
মাথার উপর কোকিল তখন ড্যাপ
ড্যাপ করে তাকিয়ে থাকবো
তোমাকে যতটুকু ভালোবাসতে পেরেছি
সবই তো গ্রাহাম বেলের প্রাপ্য...
২
তারপর থেকে অনেকগুলো বসন্ত আমার
জীবন থেকে এগিয়ে গেছে অনেকদূর
সবাই যখন কর্মব্যস্ততায় ভালোবাসার
টানে ট্রেন ধরতে ব্যস্ত...
আমি তখনও ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে তোমাকে
খুঁজেছি ভিড়ের মধ্যে--
একটার পর একটা ট্রেন প্লাটফর্মে ঢুকলেও
তোমাকে খুঁজে পায়নি এখনও...
৩
সুকন্যা,আমি অনেক চেষ্টা করেছি
নাম লিখে লিখে কেটেছি বহুবার
সেবার যখন বালুচরে তোমার নাম
লিখলাম
লাল কাঁকড়া এসে আমার হাত
ছুঁয়েছিল
তোমাকে যতটা ভালোবাসতে পেরেছি
সেদিন কাঁকড়াটাকে একটুও ভালোবাসতে
পারিনি
৪
যতবারই তোমাকে ভালোবাসতে চেয়েছি
তুমি একটা ইংরেজি শব্দ উচ্চারণ করেছ
'হ্যাপি'র মধ্যে যতটা 'সুখ'ছিল
আমার মধ্যে হয়তো তার থেকে বেশি
তুমি ছিলে
একবার বলবে তুমি আমায় ভালোবাসো
তাহলে উচ্চিংড়ে হয়ে ল্যাম্পের আগুনে
প্রাণ দিয়ে দেব...
৫
ভালোবাসার জন্য কাঙাল হতে চাইলেও
তুমি বারবার মায়া কাটানোর কথা
বলেছ
কী লাভ ভালোবেসে...
বন্ধু হলে তাও মাঝে মাঝে মিসড্ কল
দেওয়া যায়
ভালোবাসলে হারিয়ে যাওয়ার ভয় করে
তাইতো ভয়ে ভয়ে তোমাকে ভালোবাসি
প্রতিনিয়ত---
৬
ড্রাকুলার মতো চুষে খেতে চায়নি
যেমন আজকালকার ছেলেমেয়েরা
চুষে খেতে চায় ঝোঁপের আড়ালে
সমস্ত সম্পর্ক যেখান দিয়ে শেষ হয়
আমি তো শুরুই করতে পারলাম না
তোমাকে ভালোবেসে...
৭
চাঁদ চেয়ে আছে পৃথিবীর দিকে
ছাদ থেকে তোমাদের চোখাচুখি
হল
চাঁদ হেসে পড়তেই
তুমি কেঁদেছিলে 'হ্যাপি'র জন্য
আমি তোমাকে ভালোবেসে
বন্ধুদের সাথে মার্বেল খেলছিলাম
যদিও পৃথিবী আমাকে ভালোবাসে
অল্প অল্প---
৮
ভালোবাসা জানাবার পদ্ধতি অনেক
চিঠি,এসএমএস,স্পর্শ কিংবা মিলন
আসলে আমি তোমার জন্য কোনটাই বা
ঠিকঠাক করতে পেরেছি
তুমি আমি যতটা দুজন দুজনকে ভালোবাসি
তার চেয়ে বেশি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি !
৯
তুমি ঈশ্বর মানো না
আমি ঈশ্বরে বিশ্বাসী
যতবার ঈশ্বরকে ডেকেছি
ফ্রিজের জলেও তোমার
গলা ভিজিরি
আসলে তুমি আমি কন্যা ও সিংহ
রাশি
১০
তোমাকে যতটাই ভালোবাসতে চেয়েছি
ততটাই 'না' শব্দটা আমাকে ভেঙেচুরে
দিয়েছে
'না'এর মধ্যে একটা গোলাপ ফুটে ছিল
আজও আছে
আমি তোমাকে ভালোবাসি দেবালয়ে
না পৌঁছানো
ফুলের মতো
দিন গুনতে থাকি পুনজন্মের জন্য...
১১
কাউকে কখনও তোয়াক্কা করিনি
ভালোবাসি তো
খুন,ধর্ষণ তো করছি না...
সুকন্যা,তুমি যদি আমায়
ভালোবাসো
আকাশ এঁকে দেব,চাঁদের গল্প বলব
তুমি তো কবিগুরুকে ভালোবাসলে
আমাকে কেন ভালোবাসলে না !
১২
ঘুমের মধ্যে আজও তুমি আগের
মতোই
ঘুম ভাঙাও...
সেদিন যখন আত্মহত্যা করতে
গিয়েছিলাম
তোমার মুখখানি ফ্যাকাশে হয়ে
গেছিল
যদিও তুমি আমায় ভালোবাসো না !
১৩
কাঁদিনি কখনও
অনুভব করেছি
ভালোবাসতে বাসতে যখন পৃথিবীতে
বন্যা নামল
চুঁচুড়া স্টেশনে তুমি ঠায় দাঁড়িয়ে
লেডিস সাইকেলে ক্রিং ক্রিং বেল
বাজিয়ে
তুমি যখন এগোচ্ছিলে
আমি পিছন থেকে হারিয়ে গেলাম
তারপর স্টেশন শুনশান,
মাঝে মাঝে নতুন প্রেমের হাতেখড়ি হয়
১৪
সবাই যখন প্রেমদিবসের পরিকল্পনা
করছিল
হিসেব নিকেষ করছিল চুমু ও সঙ্গমের
আমি তখন লিখছিলাম
তোমাকে লিখছিলাম
বাঁচা ও মরার মাঝখানে...
তুমি চাইলে আমায় গ্রহণ করতে পারতে
তবুও আমি যে তোমায় ভালোবাসি
তাইতো ভগবান মিঠিমিঠি হাসছে !
১৫
সুকন্যা,একবার
এজীবনে একবার
আমাকে ভালোবেসে
দ্যাখো
পাল্টি খাবো না
তুমি যতটা অন্য কাউকে ভালোবাসো
ঠিক ততটার বেশি আমি তোমাকে
ভালোবাসবো
আসলে আমাকে ভালোবাসবেই বা কেন
আমি তো 'হ্যাপি'নই
আমি যে সুকন্যাকে ভালোবাসি !
১৬
ম্যাড়মেড়ে প্রেমকাহিনি লিখতে ইচ্ছে
করে না
তবুও লিখতে হয়...
বিদ্যাসাগর মহাশয় অ,আ,ক,খ
না লিখলে
কবিগুরু ভাষা পেতেন কোথায়---
আমি যদি তোমায় ভালোবেসে না
ফেলতাম
ভালোবাসার মর্মটাই বুঝতে পারতাম না --
১৭
ভালোবাসার অসুখে চিররুগি আমি
তোমার হাতেই ওষুধ...
সুকন্যা,
একবার ভালোবেসেই দ্যাখো না
বাঁচি কী মরি---
বেঁচে থেকে লাভ কী,
তোমাকে ভালোবেসে মরে যাওয়া
তুমি থাকবে ইতিহাসের
সাক্ষী
১৮
সুকন্যা,তোমাকে দেবার মতো
আমার কিছু নেই
কোনো স্পেশ্যাল দিন নেই
প্রতিটা দিন তুমি আমার জন্য
খুব ভালোবাসি তোমাকে
প্রমাণ
করার কিচ্ছু নেই
আমি পবনপুত্র নই
তোমাকে বুক চিরে দেখাতে পারব
তোমাকে মুমতাজ বানিয়ে তাজমহল
গড়তে চাইনা আমি
সুকন্যা,আমি তোমাকে ভালোবাসি
চাঁদের জ্যোত্স্নার মতো স্বচ্ছ---
শুধু একবার বলো তুমি আমায়
ভালোবাসো
আমি হাঁটু গেড়ে বসতে চাই তোমার
পায়ের কাছে
শুধু তোমাকেই ভালোবাসতে চাই
জন্মজন্মান্তর !
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন