স্টেশনের শেষ প্ল্যাটফর্ম
১
অন্ততঃ ভেজা বসন্তেও - বাসন্তী ক্যাম্পফায়ার।
চকমকি আলো সামলে আকারহীন নির্জনতা।
স্টেশনের শেষ প্ল্যাটফর্ম - টিকিট কাটার হিড়িক
জলীয়তা - নেই : নেই : নেই : নেই।
সময়ের অভাব থাকলে ব্যস্ত ভীড়ের প্রতিফলন
উলযোগী কোলাজ - হয়তো অপেক্ষায় সময়।
হয়তো বেহেস্ত রাত......ইদানীং - ভীড় : ভীড় : ভীড়
২
রাত বাড়ছে।১ম পা ছুতে চাইছে শীত-অনামিকা।
ঈশ্বর বা শয়তান : মানুষী রুহু-তক রূপ।
জীভ খুঁটছে শিলালিপির আস্বাদ।
ডানা মেলে ঘুমাচ্ছে অসংখ্যিত সমতল চাদর
৩
লুডোসাপ।ছক্কা।পুট।কখনো যন্ত্রাংশ।
সভ্য অবসরে মাত্রাধিক সুযোগ : বিখ্যাত ইতি।
উপহারে নীল ঝিনুকের শামুকলতি আবেদন।
ফাকা চেয়ার।সন্ধে ৮টা।বরফি তারাখসাদের ছুটি
৪
একেএকে কমিয়ে আনছি বিরতি।
মধ্যান্তরে - সময়ের অভিকর্ষজ ত্বরণ = ০।
পরিণত বিনির্মাণ।ভাঙ্গছে ভাঙ্গছে শেষ।
স্বপ্নিল টাওয়ার থেকে টুপটাপ অ্যাসিড
নীল রঙে ভরিয়েছে স্টেশন........
৫
শেষতম স্টেশনে সম্পূর্ণ হোক অপেক্ষা।
নিহুরি তাপে নেমে আসুক খোজবদ্ধ মাটি।
মাটি ও মাটি : মেনে নিলাম সম্পৃক্ত বসত্।
মেয়েটি তাকায় - মোমঝুরি প্রস্তুতির শিৎকার।
শেষতম স্টেশন - বাউলের চোখে হোক নিখোঁজ
৬
গা-ভর্তি গয়না তরঙ্গে দেহাতী তরুণী।
মিশে যাচ্ছে রাত : বাড়ছে গোখরোর খিদে।
খড়কুটোয় পুড়ে যাওয়া কাগজ-চামড়ায়
ঝরুক মেঘ-তাজমহল.......আপত্তি কিসের?
৭
জায়মন্তী প্রতিসমে - বাতিল সুরক্ষা।
বারোমাসি পোয়াতি হওয়া ভুলচুকে
অজস্র অজগর-হিম।ছুটছে নাচছে কাটাচ্ছে।
বেলিটোন : নাখুন বুদবুদ।
কালচিটে প্ল্যাটফর্ম ধোঁয়াটে মরিচ।
৪র্থ লাশ হলো বেসুমার নাজুক প্ল্যানচেট।
যে কারণ ভুলে থাকি বারবার -
পেট্রল ও বীর্যমাখা গঙ্গাজলে শুদ্ধতা প্রয়োজনহীন
৮
ভোর শব্দে কুয়াশা-ত্বকের সন্ধি জমা থাকুক।
হোক যাবতীয় পারমাণব - আপোষহীন।
অনিয়ত ফসফরাস - ও.টি. উল্লাসে মাখুক
ব্যক্তিগত ধ্রুবতারা।কিছু কম কিছু বেশী
আগ্নেয় লাভায় স্বীকারোক্তি লিখিক ক্লান্ত নুপুর।
হয়তো লাজুক রোমান্টিসিজম...........
৯
পর্দায় নিষিদ্ধ আড়াল চাই।
ছোটাছুটি - লাফালাফি - লোফালুফি।
সদরে দাগছে ভয় >>> রেশম কোলাজ।
ফুটন্ত মৌ-বনে সরল আঁতাত......
হুড়োহুড়ি কমবেশি - ঝিঁঝিঁর ডানায়
দেওয়ালেই ছাপা হোক পর্দার ডাকনাম.....
১০
প্রচ্ছন্ন ছায়াগুলো ভেঙ্গে পড়ে মুঠো কোলাহলে
তরঙ্গ ছাড়িয়ে যায় রাজকীয় সিন্দুক
জাহাজের ফেনায় দেখি বিন্দুরূপ ঘাম
পুরনো জামা - ছেড়ে কবুতর আলোয়ান.....
ভয় পিঠে কেপে ওঠে কুমোরের শখ..........
১১
তিনকোনী পৃথিবীর ১টিও সমকোণ নেই।
তবু কিছু মাটিবর্তী বিকিরণ - মাঝেমাঝে।
এর চেয়ে নখে জমুক শীতার্ত মেঘ-হিম.......
রাতারাতি আলোকবর্ষ হোক চিরুনি লুকানো রেডার।।
জলীয় বাষ্পে লুব্ধক আকি ক্রমশঃ...........
১২
কালোজাম চুম্বক তিলে - কালশিটে পরা শহর।
তুলনায় বহুতল আকাশ।আকাশে আকাশ ভাঙ্গে।
আঁতুড় ভূমধ্যসাগর।রাত হওয়া কবিতায় চুরমার।
মানচিত্র ছায়াছবি - মায়ার নৈরাজ্য থেকে ওঠে।
অবশিষ্ট তেলমাখা দোকান চলকে পরে
জরিপি পেট্রাল.......হরিনের দাম বাড়ে সিগনালে।
কিছুটা বাইপাস ফুসফুসেও দরকার।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন