কয়েকটা ঝুরো কবিতা
১
পেখম বলতে যা বোঝায় তাই ছড়িয়েছি তবুও তুমি রঙ চেনোনি। আমাকে ছিঁড়ে ছিঁড়ে কাকেদের ডানা ভারী করেছো। এখন তুমি যত ভোল বদলাচ্ছো রঙ বদলাচ্ছো মাথা নেড়ে নেড়ে গিরগিটাচ্ছো, ঝোড়ো মেঘ তুমি তো নিজেই জানো, ততই সেজে উঠছে কারবালা আর কুরুক্ষেত্র
২
লোহিত সাগরে বিস্ফারণ ঘটার পরও বহুতল বিলাসবহুল শপিংমলগুলো যেকোন হেষায় খুঁজে গেছে আরবী দালাল। ঘোড়ারা যেদিন থেকে পণ্যবাহী সেদিন থেকেই ওদের চোখে ঠুলি। হয় দেখো জন্নত, নাহয় জাহান্নম। দালালরা যা দেখাচ্ছে তাই দেখো।
৩
মাঘরাত্রির সতর্ক শীত ভুটানি কম্বলের ভিতর থেকে 0.5 অ্যালজোলাম এর কাছে প্রমাণ করছে একটা মিথুক মোবাইল
ফোনের বেফাঁস ষড়যন্ত্র। কর্তাব্যক্তিরা ভাইব্রেটমোডে আছেন। শাগরেদরা শাসিয়ে যাচ্ছে তুড়িমেরে কিচাইং করে দেবে। পাকমারা গলিঘুঁজি কলকাতায় কোথাও আমার নিজস্ব কেউনেই এবং আমিও আপাতত ইনকামিং এ আছি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন