ডে সিরিজের কবিতা
রোজ ডে
রোজ ডের সামনে পিছনে
কুয়াশা বরফ কখনো কখনো ঘুরে বেড়ায়
যে তুমি বিন্দাস থাকো প্রতিটি গোলাপে
এবং কাঁটায় --
" জীও " তোমাকে দিলাম গুরু
প্রপোজ ডে
যখন তুমি নির্বিঘ্নেই পেরিয়েছ
ক্রিম ক্রিম ত্বক আর কর্কশ নখের ক্ষত
সনাতন অন্ধকারেও দাঁড়িয়েছ নির্ভীক লাইট হাউস
বুঝে গেছি পথ চলা যায়
তোমার এদিকওদিক
নাও এইবেলা প্রেম তবে
চকোলেট ডে
যে রাত মেহেন্দি সাজিয়েছে কিম্বা
যে সকাল কণ্টক
সব আয়োজন ফেলে ছুটে যাব আমি
চকোলেট রেখেছি আমি ঈপ্সারর অবিমুখে
প্রমিশ ডে
কি গতি আমার, কি ছন্দ বোঝো নি?
শূন্য মাঠে কেন ফিরে ফিরে যাই?
কোন পরিচয়? কোন গন্তব্য?
শত ধোঁয়াশার সাথেই আমি
ধরবো উত্তরীয় দ্রোপদী লাঞ্ছনে
অবশ্যম্ভাবী তালি আর তিরস্কার সমান সমান
থাকবো তোমার পাশেই গুরু
এই মাত্র প্রমিশ
হাগ ডে
যতিচিহ্নের বেলাভূমি ছাড়িয়ে
এগিয়ে এসেছি অনেকদূর
যৌনতা ইশারায় ভরে দিয়েছি হিম শীতল
যে মাকড়শা বিস্তৃত করে ছিল ফাঁদ
উড়ন পথে পথে
ডজে ড্রিবলিং এ পেরিয়েছি তাও
তোমার সমর্পণে প্রস্তুত এখন
ছড়িয়ে যাও শিরায় শিরায়
কিস ডে
পাওয়া আর হারানোর দোলাচল ঠোঁটে ঠোঁটে
একবিংশে আমি ভেঙেছি শতবার
আবার উঠেছি গড়ে
খুলে ফেলে জুড়েও নিয়েছি হাজারো
এসো এইবার একটু বিশ্রাম
ভবিষ্যতে কেই বা আর বেঁচেছে বল?
ক্ষুরধার যন্ত্রণা সরিয়ে এসো
একটি নিষ্কলুষ চুমু খাই
ভেলেন্টাইন্স ডে
আচমনের বিশুদ্ধ জলে জেগে ওঠুক স্বপ্ন সময়
আমরা এক নিপুণতায় চলে যাব পাণ্ডুলিপির দেশে
একটি গভীর এবং চিরন্তন অনুভূতির
আশেপাশে গড়ে উঠবে আমাদের
দীর্ঘতম উপন্যাস
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন