১
ফটোগ্রাফি
ডাস্টবিনে ভালো খাবারের টোপ
নিরন্তর ক্যামেরা ধরে বসে আছে
বুদ্ধিজীবী ফটোগ্রাফার
ক্ষণমান অপেক্ষাযাপনের পর
টোপ গিলে নেয় ক্ষুধার্ত শিশুর মুখ
খুঁটে খুঁটে খায়
লড়াই বাঁধায় রাস্তার ছেদো কুকুরের সাথে
জ্বলে ওঠে ফ্যাশ লাইট
একটা ক্লিক–
আরেকটা ক্লিকে ন্যাচারাল ভিউ
মহামান্য ফটোগ্রাফারের জয়োল্লাসে পালিয়ে বাঁচে কুকুরটি
দৃশ্যপট বদলে যায় দ্রুত
বাঁধানো ফ্রেমে ফটোগ্রাফির তারিফ ওঠে
নিলামে দাম ওঠে কয়েক লাখ
আয়েশে ভরা কাচের জানালার বাইরে ক্ষুধার্ত ছেলেটি শুধু
অজ্ঞাত রয়ে যায় তার ছায়াশরীরের দাম সম্পর্কে...
২
ঈশ্বর এখানে আড্ডা দিতে আসেন
তাঁর কাছে জানু পেতে বসি
গতজন্মের ঘূণকাব্যের স্মৃতি ভেসে আসে
গঙ্গার আবর্তে ভেসে যায় হৃদিকথার ভার
জানি,
প্রাগ্বৈদিক সময় থেকে তাঁর কাছে যেতে হয় জানু পেতে
আজানুলম্বিত ভালোবাসার রঙে সাজিয়ে নিতে হয় শরীর
এখানে সমাহিত হলে ঈশ্বর কথা বলেন
এখানে সমাহিত হলে ঈশ্বর মিথ বানান
এখানে সমাহিত হলে নিঃশব্দ তৈরী হয়
জমে ওঠে একটা নতুন ভোর
হৃদি ভেসে যায় লীলাপ্রসঙ্গের শব্দে
ঈশ্বর এখানে আড্ডা দিতে আসবেন
সমাহিত বিক্রমে একা একা
ধীর পদছন্দে...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন