যদি পারো
১
সেই মৃত ধর্ষিতার ঠোটে
কালশিটে ছিল বিষ চুম্বনের,
শেষ যাত্রায় যাবার আগে তার কপালে স্নেহচুম্বন এঁকে
প্রতিটি মা তাকে কথা দিও
"আমার গর্ভ থেকে কোন ধর্ষক জন্ম নেবে না "
২
ডাষ্টবিনে পাওয়া গেছে যে শিশুটিকে
তাকে কোলে তুলে আশীষ চুম্বন দিয়ে কথা দিও,
আর কোনো মা কুন্তী হবে না কোনোদিন।
৩
সেই মুমূর্ষু রোগীটিকে চুম্বন দিয়ে বোলো,
আমিও আছি তোমার পাশে,
তোমার সব কষ্ট আমায় দাও।
৪
এই ঘৃণার পৃথিবীতে,এই হিংসার পৃথিবীতে,
এই পাপের পৃথিবীতে,
অনাবিল ভালোবাসায় দুটি ওষ্ঠ
মিলেছে যতবার
ততবার পবিত্র ভোর এসেছে।
কেটে গেছে তমিস্রা রাত।
ততবার চাঁদ এসে ধরেছে
তার প্রিয়ম সূর্যের হাত।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন