অনভ্যাসে লেখা ডাইরি
১
জানালা মাছরাঙা তুলে
মাছের স্বস্তি তুলে আনে
হঠাৎ দুপুর কখন ময়ূর
২
কতটা ম্যাজিক হলো যাপন
হেঁটে যেতে যেতে
শুনে নি ফুলের গান
এ বস্তির কুয়াশা কাটিয়ে
৩
মাটির জ্বরে
বুঝে নিচ্ছে পা আর সাইকেল
কতটা নৈঃশব্দ্যের কষ্ট
নিয়ে দাঁড়িয়ে আছে একলা গাছ
৪
মর্জি রোদ নিয়ে বসে আছে মার্জার
থাবায় শিশিররঙ উদাসীন
সিনে নেই পাখিহীন পাড়া
৫
সজনে ফুল নিয়ে বসে আছে রাস্তা
বসন্তে হাত দিয়ে ভেবে নিতে হচ্ছে
বসন্ত আসবে না
বলতে বলতে বর্ষা নামলো তখন
৬
শ্মশানের কাছে সূর্যমুখীর চাষ
হেসে উঠেছে
মেয়েটি জানলে অবেলায়
যেতো না একমাথা সিঁদুর মেঘে
৭
পা তার শরীর থেকে চোখ সরিয়ে
পাখিতে চলে যাই কিংবা ফুলে
কোনও ফল নেই
এমন নিস্ফলায় দিন চলে গেলে
ফলার অগ্রভাগে ফলাও করে
আঙুর টকের গল্পটি বসাই
তির তীরে ফিরে এলে তরণীটি
কখন তরুণীর ঠোঁটে
৮
বৃষ্টি আসলেই বোতাম ভাঙ্গে
হুকগুলো গল্পে উদগ্রীব
ঝোপ থেকে উঠে সাহস
নীল অন্ধকারে চরে
জড়িয়ে বুঝতে পারি
ভেজার বয়স
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন