১
পর্দার ফাঁক
নাকগলানোর অন্যের ব্যাপার
ভায়া মেনলাইন
যখন
বুকসমান জলে দাঁড়িয়ে বুঝতে চাইছি
পায়ের ঠিক কোথা থেকে
আলোগুলো জ্বলে ওঠে।
বাজনার চামড়ার মতো চলনসই
তিনচাকার বিবরণ
গর্ত বাঁচিয়ে এগিয়ে গেল-
দু'কলম পরিস্কারের উপর ঝুঁকে পড়েছে
সহজ-
না থাকার চেয়েও
গুরুতর
পর্দার কিছু অংশ ফাঁক।
২
জন্মদিন
আজ হয়তো বিশেষ কারো
জন্মদিন হবে-কিংবা কেউ হয়তো
নতুন করে বানিয়ে নিচ্ছে প্রসাবখানা-
কারণ পিছিয়ে পড়ার বাকি অংশে
আপনি দেখেছেন ভাঙা রেললাইন।
তাদের আকাশ খোলা-
তাদের বন্ধ গাছ-
চেয়ারের চার-পা সম্পর্কে অনুবন্ধ
বিকেলের ভোলা-মনে ধুয়ে যায় ড্রেন।
গোড়ালির উচ্চতায় শতকরা
নেমে এসেছে ছাদ- আর ছড়িয়ে পড়েছে
গতরাতের পোশাক, যেখানে রেখে এসেছেন
খিদেগুলির বিক্ষিপ্ত মাছি।
৩
হাসির গল্পের ঠোঁট
উপরতলার অদৃশ্যগুলোর হাঁটাপথ
মুদ্রিত দামের চেয়ে কিছুটা আড়ালে
বুঝি অভ্যাস করেছে উদাহরণ-
দেয়ালে হাসির গল্পের ঠোঁট
কয়েকবার বুলিয়ে দিয়ে দেখি
সিদ্ধান্তও চওড়া হয়ে গেছে।
৩
গোপন
যেগুলো খুলে দেখার আগে কিছুটা
গোপন লাগে এদিক-ওদিক
ভিজে অংশ টিকিয়ে রাখতে
উপরটাই তৈলাক্ত রাখি-
এই ঝাঁজ যা কিনা কাশির জন্য
যথেষ্ট ছিল না।
৫
হৃদয়বিদারক
হৃদয়বিদারকের উপর ধুলো পড়েছে
দুপুরের নৈঋত, তখনও জিন্মা করিনি
রুমালের কোণে
মৌনতার চেয়েও যেমন খুশি সাজো-
মুখ ভরতি বাতাসের পিছনে
মার্জনা করার মতো ধৃষ্টতা
বের করে আনছেন পূর্বপুরুষ।
৬
ট্রায়ালরুম
দুপুরের কিছুটা স্যালাড প্রবণতা
কারণ লেটুস শাকের আন্তরিকতায়
কাঁকড়ার দাঁড়াটির কোন অনিদ্রা নেই।
মগজে রাজনীতি ঢুকে গেলে
সব পাহাড়'ই হয়ে পড়ে পাথুরে
তাই আলো জ্বালানোর উদ্যোগে শার্পনেস
বাড়িয়ে নিতে হয়।
চাহিদার ফ্রাইপ্যানে আরেকটি পকেটের দাবি
তখন জরুরী ট্রায়ালরুম।
৭
আলপিন
মুখেই যখন বিঁধিয়ে দিলাম ভাবনাপাখি
হাওয়ায় আঁকি সমকোণী আমার কাগজ
রোজ বাড়ছে পাইপ ধরে সমান্তরাল সকাল
কিছুটা একাকী ভ্রমণ আলপিনে রসের প্যাকেট।
৮
কাচঠেলা ঘর
তবুও বায়ুর গায়ে রঙছাড়া দুরন্ত ভেলা
আমিও সেন্টিমিটার বিপ্রতীপে স্টিয়ারিং হই
লোশনের ভিজে ভিজে পা ঝুলিয়ে হুইলচেয়ার
দ্বিখন্ড ভাষাগুলি লার্ভার কাচঠেলা ঘর।
৯
দরজা
আমার চারপাশে যাবতীয় বৃত্ত একগুঁয়ে
টুপটাপ লালচে সড়ক ব্যাসার্ধে ঘুরে যায়
একরাশ মৌনমিছিল কেন্দ্রে সন্নিহিত তিনি
অথচ সুহৃদ সার্বজনীন একটিও দরজা রাখেনি।
১০
কাঁটা
ভিজে জামার ভিতর শুকিয়ে যাচ্ছে
ভিটামিন-ডি
এখনই ক্রিয়ার কাল নামিয়ে আনার
ইচ্ছে নেই আমার
কমলার খোসা খুলে দূরে যাচ্ছে স্বর্গ ।
এখানেই থাকতে পারতো -
পাখিদের জানালা-খেলা
সাইকেলের বেল...
যে ধ্বনিতে নদী নেই সেখানে কিছু ষড়যন্ত্র থাকে
যদিও খুঁজে পাচ্ছি না ,কাঁটা আছে
কাঁটা থেকেই যায় ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন