আমিষ নিরামিষ মিলিয়ে:কবি আফজল আলি
(অদৃশ্য বোধের উত্তর আধুনিকতা)
আমরা এখন এমন এক সময়ে হাজির রয়েছি যখন পঞ্চম শ্রেণির কোন এক ছাত্রকে 'অবসর সময়ে সে কী করে' এই প্রশ্ন করলে উত্তর আসবে সে কবিতা লেখে।অর্থাৎ কবিতা তার কাছে 'অবসর যাপনের সামগ্রী'। এখন টিকিট কাটার লাইনে, মাছের বাজারে, পুরোনো নোট বদলে নেওয়ার কাউন্টারে-প্রায় প্রতিটি জায়গায় মোবাইলে ঘাই মেরে ওঠে কবিতা। তা পাঠক থাক আর না থাক।
একালের কবিতা নিয়ে অনেক বিতর্ক আছে। তবে এক জায়গায় সবাই মোটামুটি একমত কবিতায় বদলে যাওয়া সময়ের কথা বলতে হবে। বদলে যাওয়া ভাষায়। তবে সে ভাষা যেন কলিদাসের (মহাকবির প্রতি শ্রদ্ধা রেখেই বলছি) আমলের না হয়। এই ধরণের কবিতাকে আমরা 'আপডেট' কবিতা বলছি।
এই সময়ের কীর্তিমান কবিরা এ বিষয়ে একই গাড়িতে সফর করেন। 'আমিষ নিরামিষ মিলিয়ে' -বইটি আপডেট কবিতার বইয়ের প্রকৃষ্ট উদাহরণ। কবি আফজল আলি বর্তমান সয়য়ের একজন উল্লেখযোগ্য কবি।
বইটিতে কবিতার সংখ্যা ৫৭। মানুষের রোজকার জীবন থেকে তিনি খুঁজে এনেছেন অজস্র অদৃশ্যকে। তাদের শব্দ দিয়েছেন। রং দিয়েছেন। রস দিয়েছেন।যেমন " অর্জুন সম্পর্কে সেই পুরোনো কথাগুলো /কি আমার নসিবে লেখা নাই" (চলুন ফিজিক্স-এ) কিংবা "তাহলে আমি তোমায় হুমায়ুনের দাড়ির কথা শোনাবো"( মুঠ্ঠি মে দুনিয়া) এরকম অসংখ্য দৃষ্টান্ত দেখানো যায়।
কবিতার নামগুলিতেও তিনি প্রচলিত সংস্কার ভেঙেছেন। আবেগের খই ওড়ান নি। কয়েকটি দেখাতে চাই। "ক্লাইভের টর্চ", 'যুক্তির বাইরে আমি তো লিচুবাগান', 'শব্দের পিছনে পেট্রল দিয়েছি' ইত্যাদি। সাধারণত কবিরা যে সব শব্দে বশীভূত থাকেন ;কবি আফজল আলি সেই ধরণের শব্দ এড়িয়ে গেছেন সযত্নে। আমাদের রোজকার ব্যবহৃত শব্দগুলিই তাঁর কবিতার প্রাণ। তাঁর কবিতার চিত্রকল্প, কবিতার মীমাংসা সবই বহুমাত্রিক, বহুরৈখিক। কিছু কিছু ভাব,কিছু কিছু বাক্য তিনি এমন সৃষ্টি করেছেন তাতে তাঁর কবিতাকে কোন বিশেষ সাল দিয়ে বাঁধা যাবে না। তার কবিতা ভবিষ্যৎ প্রজন্মের সাহিত্যের খোরাক হতে চলেছে এটা জোর দিয়েই বলা যায়।
এ রকম উল্লেখযোগ্য কিছু লাইন-
১|'শরীর একটি অন্ধকারে হাতড়ানো ব্যামো(জীবন)
২|'পাউরুটির জন্য ভিজে মানুষটি /গলা থেকে নামাচ্ছিল না গান(যতটা স্বপ্ন ব্যবহার হচ্ছে)
দেখুন, প্রথাগত কোন নীতি,ইজ্ম, বা ছেঁদো বিষয়কে নিয়ে ঘেঁটে 'ঘ' করার কোন চেষ্টা নেই।চেনা জানা বোধ, বিষয়, ধারণা - যেগুলো ছোঁয়া যায়না তিনি সেগুলোকেই টেনে বের করে এনেছেন আমাদের ভিতর থেকে। তাঁর কবিতা বর্তমান তথা আগামী সময়ের ল্যান্ডমার্ক হতে চলেছে তাতে সন্দেহ নেই।
বই : আমিষ নিরামিষ মিলিয়ে
কবির নাম : আফজল আলি
কবিতা পাক্ষিক থেকে প্রকাশিত
মূল্য : ৮০ টাকা
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন