১
ভাবনায়
দিনকে দিন তলিয়ে যাচ্ছি
ওঠার চেষ্টায় আছি অল্প বিস্তর
তবে ওই মেট্রোরেলের দরজা খুললে
আমার ভাবনায় মিশে যায় স্বর্গ ও পাতাল
২
টোল ফ্রি
তোমার বুকের ভিতর টেলিফোন
আমার ভিতর রিংটোন...
যেই ডায়াল করুক
ভয়েস কল ফ্রি--
ভালোবাসা সামান্য !
৩
হেডফোন
প্যান্টের পকেট থেকে দুটো তার
ঢুকে গেছে আমার কানে।
আমি সব শুনতে পাচ্ছি
সেও শুনতে পাচ্ছে সব--
মাঝের দূরত্বে কেউ নেই তো!
আসলে ধরা ছোঁয়ার বাইরে যে প্রেম থাকে
তাকে বলে হেডফোন।
৪
সময়
জানি, আমার দিন কেটে যাবে
তবুও দেওয়াল ঘড়িটা তোমার জন্য
অপেক্ষা করে--
টিক্--টিক্--টিক্
সময় হয়েছে আমারও
অভিমানের পরেই মৃত্যু!
৫
উপহার
আমি পায়েলকে ভালোবাসি
কবিতা লিখি
অনেকেই কবিতা পড়ে
ভালো বলে
কেউ কেউ পায়েলকে ভালোবাসে
অথচ আমাকে ভালোবেসে কেউ একটা
কবিতা উপহার দেয়না!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন