১
যাপন
ভুলে গেছি সব না কি ভুলে আছি
ডুব দিই গভীরে নিজের
সেখানে রয়েছে সব জেগে
ব্যথা আর ভালোবাসা ভাবে গলাগলি
যাপন হয়েছে ঢের বীতশোকের
২
সময়
তুমি স্নান করে এসে সামনে দাঁড়াও
আমি দেখি
উবে যায় আমার সকল
আমার চোখ হয় ঠোঁট
ঠোঁট হয় হাত
আঙুলে আঙুলে খেলেছো অবেলা
৩
অপেক্ষা
দ্বিতীয়ার চাঁদ দোল খায় বৈশাখী আকাশে
সঞ্চারী কালো মেঘ উড়ে যায় পাশে
মেঘদূতকে ভাবিনি
তবুও কোন আছিলায় তুমি এসে ভেড়ো
আমার আঘাটে
৪
দূর
ততটাই দূর যতটা স্পর্শের বাইরে
ততটাই নিকট যতটা ছুঁয়ে থাকে মন
কথারা জেগে দ্যাখে ঘুমহীন রাত
চোখ আজ মুখর আলাপে
৫
সে
ব্যস্ততা শেষ হলে সাখ্যাত হয় মুখোমুখি
অলক্ষে যে স্বপ্নজাল করেছে বিস্তার
সে যেন মুহূর্তের ফানুস
সুতোগুলো সব পড়ে আছে ছিঁড়ে
সাজানো কথাগুলো হারিয়েছে ভিড়ে
এখন মরমী হৃদয় ছুঁয়ে আছে হৃদয়-মানুষ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন