১
চাঁদ
শান্তিনিকেতনে বৃষ্টি এল খুব,
শালবনের নেশা নেশা রাত।
তোমার সাথে কোপাই জলে চাঁদ দেখতে যাই।
তোমার সুডৌল চাঁদে হাত রাখতে ইচ্ছে করে খুব।
একবার জ্যোৎস্নার দিকে তাকাই,একবার তোমার দিকে।
২
মদরাতের গান
এমন পাগলকরা রাতে একা বাড়ির ছাদে বোতল খুলে বসেছি।
বেশ কড়ামাল।
নেশা চড়লে নিজেকেই চুমু খাই কয়েকবার।
"আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়..."
৩
সূর্যাস্তের রঙ
আলো নিভে এল,
কুলিবস্তিতে শুঁটকী মাছের সুঘ্রান।
চাবাগানে হাতি ঢুকেছে আজ।
মাথাভাঙা নদীর দিকে এগিয়ে যাই,
সূর্যাস্ত দেখব।
উত্তর বাংলা আমাকে জরিপ করে তীক্ষ্ণ চোখে।
৪
বয়স
আজ তুমি মৃত্যুর কাছাকাছি এসে দাঁড়িয়েছ
যৌবনে মাগিবাজ ছিলে
লতিকার মা ঘর মুছতে এলে এখনো তোমার লাল পড়ে
বাতাসে কি মেয়েমানুষের গন্ধ পাও?
৫
বন্ধুত্ব
পুরনো আত্মার মতো বন্ধুত্বের বয়েস বেড়ে যায়।
আমার গোল হয়ে বসি।
কথারা ফুরিয়ে আসে।
আমাদের কথাহীন সন্ধ্যের উপর স্কুলমাঠের বাতাস বয়ে যায়।
শিউরে উঠি,কান্না পায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন