১
তপস্যা
না জানিয়ে শিলাবৃষ্টির শিল আসে হাতে
বৌগেনভিলিয়া কলমে আস্কারা পায়
চুরি বলতে চাও বোলো
গুমোটঘরে ক্ষুধিতপাষান দু টুকরো - তপস্যায়
২
ভুলো ক্ষিদে
মস্তানি আমার ছায়ার ওজন বাড়ায়
ঘে ঘে তেটে তাপ শত ফুলে
বছরে একবার মন দিয়ে ক্ষিদে পড়ি
কিছুটা রয়ে যায় চুনাপাথরের কবরে
৩
বলা না বলা
অবশিষ্ট খাম পোস্টকার্ড কাউকে দিই না
বদলের ওঠানামায় তোতলাই খুব
চিঠি সিদ্ধ হবার সুগন্ধ ডাকবাক্সে
চিঠিজানলা এখনো অবিবাহিত
৪
মারিতং টেক্কা
ডালা ডালা প্রসাদের জুলুম
রক্তচক্ষুরা দুধপুকুর ওথলায়
পত্রিকার লাল চোখ ঢাল করি
আর মেলে হিমেল মালাই
৫
টরেটক্কা
বাঁশের সাঁকোতে স্মৃতি নড়বড়ে
নদীর উলুধ্বনি সঙ্গমকালে তার সঙ্গে
কোকিলের তোতলামি টরেটক্কা...
তত্ত্বের পুরুষমাছ নোলক সিঁদুর পরে
এবং অর্কিড-ভালোবাসা যে টব চেনে...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন