১
ছায়া
কেবলই দিয়েছি গোলাপী সন্ধ্যে
আর কিছু দিতে চেয়ে পারিনি
শুধু অগুনতি নীরবতা ছাড়া
এই পৃথিবীতে কেইবা কিছু পেরেছে দিতে
সাগর কি দিয়েছে তার মুগ্ধ নীল ?
আমাদের সেই গোপন মিলনরাতে
তুমি দিয়েছিলে ঘামে ভেজা শরীর
আমি দিয়েছি অসংখ্য ছায়া তোমাতে
২
দেহ
ছিঁড়ে গিয়েছে একজীবন সুখ-স্বাচ্ছন্দ্য
যেদিন ভূমিষ্ঠ হয়েছি দেহ নিয়ে
রঙিন চোখ দেখছিল অতিনগ্ন নীল দেহ
নিজেরই ভিতরে পুড়ে পুড়ে হারিয়েছি সব
শঙ্খের মতো বেজেছি কোনও ভোরে
চিৎকার জমা ছিল চোখে , গুছিয়ে নিয়েছি
সমস্ত যা ছিল পৃথিবীতে পড়ে খালি
ঝরিয়েছি শিরীষপাতা কেবলই
৩
লাল আগুনের পলাশ
লাল পাড়ের শাড়ি খুলে সে বলেছিল
এই আমার সাতাশ বছরের বুক
দেখেছিলাম বাদামের মতো
আঁচিল বসানো তাতে , ঘিরে আছে বৃত্ত
প্রদীপ নিভিয়ে দেওয়ার আগে
তার দু-চোখে ঝলসে উঠেছিল কামনা
কপালে চওড়া সিঁদুর সে তুলে দেবে বলেছিল
বলেনি ডুব দেবে ভোরের গঙ্গায়
৪
আলো
নিংড়ে নিয়েছি ফুসফুস ,
কোথাও সামান্য নেই রক্ত
বাতাস আজও ভারী লাগে বুকে
আলোও সেখানে আঁধারে আসক্ত
৫
ক্ষয়
চামড়ার নীচে গাঁথা জীবাশ্ম
পাথরে আঁকা সামান্য সঞ্চয়
গাছেদের বুকেও কি কখনও টিউমার থাকে ?
আঁধারের গভীরে কি ভরে ওঠে প্রত্যয় ?
জানা নেই , তার গরম ঠোঁটে কি ব্যাকুলতা
অন্ধ আবেগ ছুঁতে চায় তার কেশ
যেন পৃথিবীর বাইরে জমিয়ে রেখেছে সেও
কোনও এক আক্রান্তের মহাদেশ
শাবাশ।ফর লাল আগুনের পলাশ।তারপর ক্ষয়।লাল আগুনের পলাশ মনে থাকবে
উত্তরমুছুনশাবাশ।ফর লাল আগুনের পলাশ।তারপর ক্ষয়।লাল আগুনের পলাশ মনে থাকবে
উত্তরমুছুন