১
দৃশ্য বদল
ভোরের চাঁদের মত আয়ু কমে গল্পের
ব্যাসের ,দৃশ্যপট পরিবর্তিত ।
মাসান্তে তারিখের নতুন পসার , থাকে
পুরনো দেওয়াল পঞ্জিকার মত স্মৃতি ।
জমাট দুঃখবোধ নিজস্বতা রাখে , যেন ঠিক -
প্রাচীন ভাস্কর্যে মানুষের মলিন আকাঙ্খা।
২
যখন বসন্ত আসে
সাঁওতাল পল্লীর সরলতায় , মহুয়ার সঙ্গে
মেশে রাতের মাদল । পূর্ণ চাঁদ আধখানা --
মৌমাছিরা ভুলে যায় ঋতুর নিয়ম ।
শালবনে পাতাঝরাকে অশালীন ভেবে
সবুজেরা পুনরায় করে আব্রুবিমোচন ।
সেই ক্রান্তিকালে পুড়ে যাই পলাশ-আগুনে।
৩
ভেবে দেখো
জয়ের তকমা মনের দেওয়ালে আটকালে --
হারের জন্য অপেক্ষা করতে হবে না ,
দেখো হাসিমুখে তার চুপিসারে অবস্থান ।
জয়ী ভাব হৃদয় গড়ে তলে নিজের নদীর ,
রাত-দিনের গতিপথে মুখ দেখে নদী আয়নায় ।
৪
কে দেখে কাকে
এক পাগল আমার রাস্তার প্রতিবেশী ,
শুধুই বলে , " শালাকে দেখে নেব ! "
কাকে কীভাবে দেখবে তা অধরা ।
মনে বলি ,
প্রকাশ্যে এসব কথা তোমারই সাজে ,অথচ
সেই ভয়ে বেসামাল , পথ পাল্টে যাই কাজে
৫
দাও একবার
আমাকে একটি অরণ্য দাও
অভয়ে থাকার ।
একটি পাহাড় গড়ানো নদী শীর্ণতোয়া ;
খরস্রোতা নদী মানেই মাটির ক্ষয় ,
আমার নদী গভীরে হোক উপলময় ।
দাও একটি ভুবন দীর্ঘদিন --
একটি আকাশ , একটি নদী শব্দহীন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন