পশ্চিমবঙ্গের মানচিত্রের উপর দাঁড়কাক বসে আছে
কেরিয়ার গড়ে তোলার পর আস্থাশীল হয়ে উঠছিলাম নিজের উপর। বুঝতে শিখছিলাম মহাকাব্যের পাঠ। সম্ভাষণ আর সম্মানের থেকে কিছু বর্ণ মুছে নিচ্ছিলাম অজ্ঞাতেই। হে কৃষ্ণ, তুমি নব মহাভারতের প্রেক্ষাপটে উচ্চকন্ঠে আমাদের সামনে দাঁড়িয়ে বলেছিলে সত্যিই একটা ধর্মরাজ্য তৈরী করে দেবে। আমরা একশো শতাংশ বিশ্বাস করেছিলাম তোমায়। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে মেনে নিয়েছিলাম তোমার শর্তদের, তার গোপনে চলে বেড়ানো অভিসন্ধিদের। ভেবেছিলাম ধর্মরাজ্য যদি কেউ তৈরী করে দিতে পারে, তবে সে তুমি। আমরা কেরিয়ারের সার্টিফিকেট হাতে তখনও ঠিক ঠাক বুঝতে পারিনি তোমাদের আর আমাদের কাছে ধর্মরাজ্যের সংজ্ঞা সম্পূর্ণ পৃথক। কুরুক্ষেত্রের যুদ্ধে আঠারো দিনের পর আজ উনিশে দাঁড়িয়ে আছি। তোমার আকাঙ্ক্ষিত ধর্মরাজ্য স্থাপন করতে চলেছ যাদবপতি। শুধু আমার হতদরিদ্র পশ্চিমবঙ্গের মানচিত্রের উপর দাঁড়কাক বসে আছে, ওকে একটু উড়িয়ে দাও আগে...
কাশী বোস লেনে হেঁটে চলে আমাদের দ্বৈতজীবন
অনেক দিন পর আবার পথ চলা। কিছুই বদলায় নি আমার শহরে গত কয়েক বছরে। আলোর নীচে আলো, নীল-সাদার মেকাপ, বড় বড় তামাম হোডিং বসেছে শুধু। সেন্ট্রাল বা সূর্য সেন স্ট্রিটের গুমটি, ফুটপাত জুড়ে ঘুমিয়ে থাকা শিশুমুখ, কিছুই বদলায় নি। অল্পে অল্পে বদলেছি আমরা। শিখেছি মেকি হাসির ভদ্রতা দেখিয়ে কী করে মনে মনে বিরুদ্ধ বাক্য বলা সহজ। শিখেছি আরও অনেক কিছুই। হাত ধরে রাস্তা পার হওয়ার নির্ভরশীল না বলা কথাদের এখন আর বুঝতে অসুবিধা হয় না। সাপ্তাহিক নিয়মে কাশী বোস লেনে হেঁটে চলে আমাদের দ্বৈতজীবন। চক্ষুলজ্জা হারিয়ে দিচ্ছি অজানা সাহসে। ভালোবাসতে ভালোবাসতে আমরা পুনরায় পরস্পর নির্ভর হয়ে ওঠার স্বপ্ন দেখছি..
পর্ণমোচী
নীল আকাশের কোনো সীমারেখা নেই। কাঁটা তাঁরের বেড়া নেই দু'টো দেশ বরাবর। ভেদাভেদের ভেদরেখা নেই নতুন গম্যপথে। নেই ঢাকা কিম্বা কলকাতার আলাদা নামকরণ। আমাদের সব দৈনন্দিন কথাগুলো বেড়ে ওঠে গলির মোড়ে। জেহাদ ঘোষনা করে মুঠোয় চেপে। বুকের ভিতর আগুন জাগায় বৈপ্লবিক ক্ষুধায়। একটা হঠাৎ করে আমূল বদলানোর স্বপ্নকুচি জন্মায়। সময় জমিয়ে দেয় গাঙ্গেয় ব-দ্বীপের শরীরী পলি। শুধু অপমানের ভার বহন করতে থাকে অসময়ে.. থমকে যায় স্বপ্ন বদল যায় চাওয়াটা। মেনে নিতে শিখি প্রতিবন্ধকদের। আমাদের জন্য আনন্দ জমে ওঠে অন্ধকারে। মাটির উপর ইঁটের পাঁজা করে তুলি। যতটা পথে চলেছি আমরা দাগ কাটি। পতাকার প্রতি অঙ্গিকার করি ঐক্যতান সুরে। গাছের মতো বড় হয়ে উঠি সূর্যালোকের দিকে চেয়ে। শিকড় বেড়ে ওঠে গন্ডী দেওয়া টবের ভিতর। সব সম্পর্কের ঘোষণাহীন কথা বলতে বলতে। আমরা ঠিকঠাক পর্ণমোচী হয়ে যাই। নতুন কোনোও স্বভাব সিদ্ধতায় নতুন সমীকরণে..
সময় জমিয়ে দেয় গাঙ্গেয় ব-দ্বীপের শরীরী পলি। কথাটা ভাল লাগল।
উত্তরমুছুন